ঢাকার দোহার উপজেলায় ৫৬ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতদের দোহার থানার ০৬ নং মামলায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ৮(ক)/ ১০(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে। বুধবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বড় বাস্তা এলাকার রাস্তার উপর থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার বড় বাস্তা এলাকার রোমান শিকদারের ছেলে আবির শিকদার (২৩) ও একই এলাকার মতি শিকদারের ছেলে ইমরান শিকদার (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির এসআই সঞ্জয় মালো ও এএসআই অমিত হাসানসহ সঙ্গীয় ফোর্স মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করার সময়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়কালে, পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ঐ দুই আসামিকে আটক করে পুলিশ। উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে ৫৬ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।
এবিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল জানান, মাদকদ্রব্যসহ ঐ দু'জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দিয়ে মঙ্গলবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।